• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম


প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসার পর পুনর্নির্মাণ হচ্ছে বৃষ্টিতে ধ্বসে পড়া পাহাড়ি বিদ্যালয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৭:৩৬ এএম

পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে বিধ্বস্ত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নয়াপাড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অবস্থিত সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। চলতি মাসেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

গত জুলাইয়ের প্রথম দিকে টানা ভারী বৃষ্টিতে বিদ্যালয়টির ভবন সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে দুর্গম এলাকার প্রায় ৫০ থেকে ৬০ শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিদ্যালয়টিতে বর্তমানে দুইজন শিক্ষক রয়েছেন। পাঠদানের পাশাপাশি এখানে আবাসিক ব্যবস্থাও ছিল।

স্থানীয় একজন ছাত্রনেতা বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আনেন। এরপর দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি আলীকদম উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের তত্ত্বাবধানে বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়।

জানা গেছে, নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ২০২২ সালে সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে দুর্গম অঞ্চলের শিশুদের পড়াশোনার অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠেছিল।

/এএসএফ