• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম


মার্কিন রণতরীতেই নৌসেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ৭ মার্কিন সেনা নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ৪:৫৩ পিএম

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। এ ঘটনায় সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে রণতরীটি ওই অঞ্চলে মোতায়েন থাকায় নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। একই কারণে তাদের পরিবারের সদস্যরাও জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে প্রতিবাদ জানান।এমন পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, সেখানে নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয়। একপর্যায়ে তার দিকে পানির বোতলও ছুড়ে মারা হয়।এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই সংঘর্ষে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলেও সূত্রটির দাবি।তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে সাতজন নৌসেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করাই রণতরীটির প্রধান মিশন বলে দাবি করেছে তাসনিম নিউজ।এ ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্র মোতায়েন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে জুলাইয়ে রণতরীটি ওমানে স্বল্প সময়ের জন্য বিরতি নিয়েছিল।

/বিএসএস