• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম


সমন্বয়কদের খাবারের ছবি ছড়ানোয় হারুনের ওপর বিরক্ত ছিলেন শেখ হাসিনা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৯:৫৪ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ওপর বিরক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি অডিও কথোপকথনের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ তথ্য তুলে ধরেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।
রবিবার (৯ অগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব তথ্য জানান।
প্রসিকিউটর বলেন, ওই সময় হারুন অর রশীদ নিজের বদলি ঠেকাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহায়তা চেয়েছিলেন। এক ফোনালাপে কাদেরকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার অনুরোধ করেন তিনি।
কথোপকথনে হারুন বলেন, বিষয়টি নিয়ে দ্রুত কথা না বললে তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার আদেশ হয়ে যেতে পারে। তিনি কাদেরকে বলেন, ‘স্যার, এটা যদি এখন স্যার না করেন, তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার। ডিবিতে নাই স্যার।’
তবে ওই কথোপকথনের পর ২০২৪ সালের ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে দায়িত্ব দেওয়া হয়।
ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের ফোনে হওয়া আরও কয়েকটি কথোপকথন তুলে ধরেন।
এর মধ্যে ২০২৪ সালের ৩১ জুলাই ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একটি ফোনালাপের তথ্যও উল্লেখ করা হয়। সেখানে কাদের জানতে চান, ‘হারুনকে কি সরায়ে দিচ্ছেন?’
জবাবে আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনা হারুনকে সরানোর বিষয়ে অনড় ছিলেন। তবে তাকে ডিএমপির মধ্যেই রেখে দায়িত্ব পরিবর্তনের কথা জানান তিনি।
কথোপকথনের একপর্যায়ে আসাদুজ্জামান খান কাদেরকে বিষয়টি নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তিনি বলেন, বারবার বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে গেছেন এবং কাদের কথা না বললে তার আর সাহস হচ্ছে না।
পরে কাদের তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং বিষয়টি নেত্রীকে জানাতে বলেন। একইসঙ্গে তৎকালীন আইজিপির সঙ্গে কথা বলারও পরামর্শ দেন তিনি।