• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম


‘আওয়ামী লীগের জন্য নমনীয় হওয়ার কোনো কারণ নেই’—কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৯:১৫ পিএম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের নমনীয় হওয়ার কোনো কারণ নেই। তার ভাষায়, সরকারে আসার আগে দলটি আওয়ামী লীগের কাছ থেকে দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছে এবং দেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে অনেক ত্যাগ স্বীকার করেছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বর্তমান সরকার যখন সরকারে ছিল না তখন আওয়ামী লীগের দ্বারা এই দল যে পরিমাণ অত্যাচারিত হয়েছে। এই আওয়ামী লীগের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য দল যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, সেখানে আওয়ামী লীগের জন্য নমনীয় হওয়ার কোনো কারণ এখানে নেই।’

তিনি বলেন, সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে যা করণীয়, তা-ই করা হবে। আওয়ামী লীগের প্রতি সরকার নমনীয় আচরণ করেছে—এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করেছি যিনি এই কথা বলেছেন, তার কাছে আবার জিজ্ঞাসা করা উচিত, উনি কথাটি কেন বলেছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজনের চেষ্টা করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, তা দেশের ইতিহাসে আগের কোনো সরকার এত দৃঢ়ভাবে জানাতে পারেনি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যে সতর্কতা জারি করা হয়েছে, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। তার ভাষায়, এটি নিয়মিত বা রুটিন কার্যক্রমের অংশ।

পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই চরকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করি এবং আমরা ডিক্লেয়ার দিয়েছি এগুলো শিগগিরই বন্ধ করা হবে। চর অঞ্চলটাকে আমরা উন্নত করতে চাচ্ছি বিভিন্ন প্রজেক্ট দিয়ে। যাতে ক্রাইমগুলো সেখানে না ঘটে। এটা তো বহু বছরের একটা ক্রাইম জোন। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি এটা উত্তরণ ঘটাতে। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছে এখনো নির্মূল করা সম্ভব হয়নি। তবে হবে ইনশাল্লাহ আশা করছি।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।

/এসএন