পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৩ সালের এই দিনে গ্রেপ্তার হন ইমরান খান। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভের আগে পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম দেশটির সংবাদমাধ্যম ডনকে জানান, পেশাওয়ারে বড় জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্য তিনটি প্রদেশে দলীয় আঞ্চলিক ও স্থানীয় নেতাদের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা নেই।
তবে কর্মসূচি শুরুর আগেই পাঞ্জাব প্রদেশে পিটিআইর ২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে লাহোরে বিপুলসংখ্যক দলীয় সমর্থকের সমাবেশ দেখা যায়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভের দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগাম অনুমতি নিতে হবে। একই নিয়ম বিদেশি সংবাদমাধ্যমের হয়ে কর্মরত পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সূত্র: ডন, বিবিসি, এএফপি
/এএসএফ