নোয়াখালী পৌরসভায় এক প্রবাসীর বাসায় অস্ত্রের মুখে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন টিটু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও দুই সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় এক প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে।
রাতে সুধারাম মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন যুবক অস্ত্র নিয়ে এক প্রবাসীর বাসায় চাঁদাবাজির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেন টিটুকে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া টিটুর বিরুদ্ধে এর আগেও বেগমগঞ্জ মডেল থানায় সাতটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র: প্রাপ্ত তথ্য
/এএসএফ