• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম


তারেক রহমানকে নিয়ে কটূক্তি বন্ধে এনসিপিকে সতর্ক করলেন রাশেদ খান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৯:১০ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে নিয়ে কটূক্তি করছেন। পাশাপাশি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় এমপি-মন্ত্রীদের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, এ ধরনের রাজনৈতিক আচরণ জনসমর্থন হারানোর কারণ হতে পারে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই। তার ভাষ্য, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে এবং তাদের রাজনীতি ‘দিল্লিতে দাফন’ হয়েছে।

এনসিপির সমালোচনা করে তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বললেও দলটি বাস্তবে ‘নতুন ভণ্ডবস্তের’ রাজনীতি করছে। তিনি এনসিপির প্রতি গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান। একই সঙ্গে দাবি করেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দলীয় নেতাকর্মীদেরও প্রতিহিংসাপরায়ণ রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়ে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন রাশেদ খান।

এর আগে জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন উপস্থিত ছিলেন।

/এসএন