• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ এএম


দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১০:০২ পিএম

অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা-ভাবনা করেন। ইতোমধ্যেই নিজের কর্মতৎপরতার মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব—এমনটি ভাবার কোনো সুযোগ নেই। তবে দেশের তরুণরা তাদের মেধা, সক্ষমতা ও দেশপ্রেমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার সামর্থ্য দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।মির্জা ফখরুল বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব এবং সুপরিকল্পিত উদ্যোগ। নানা প্রতিবন্ধকতা থাকলেও দেশের সামনে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের জন্য দৃঢ় নেতৃত্ব অপরিহার্য। অতীতে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসেই একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা বলেছিলেন। দেশকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনার কোনো বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে দেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ছাত্র-তরুণরাই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের সবচেয়ে বড় ভরসা দেশের তরুণ সমাজ।

তাদের হৃদয়ে বাংলাদেশ রয়েছে, আর সেটিই জাতির সবচেয়ে বড় শক্তি। সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ এখন তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি, উদ্যম ও অদম্য আকাঙ্ক্ষাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা জাগায়।তিনি বলেন, বাংলাদেশ অতীতেও বহুবার সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে।

এবারও দেশ সব বাধা অতিক্রম করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।

/বিএসএস