ইসরাইলি সেনাবাহিনীর নিরাপত্তায় অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অন্তত ২০০ ইহুদি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, তারা সেখানে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন।
ওয়াফার তথ্য অনুযায়ী, বসতি স্থাপনকারীরা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে ধর্মীয় আচার সম্পন্ন করেন।
১৯৬৭ সাল থেকে কার্যকর থাকা ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার অধীনে আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনার অনুমতি নেই। তবে ইহুদিদের ওই এলাকা পরিদর্শনের সুযোগ রয়েছে। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই ব্যবস্থার লঙ্ঘন করে সেখানে প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার পালনের ঘটনা বেড়েছে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণ অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি মালভূমির ওপর অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে অঞ্চলটি নিজেদের সঙ্গে একীভূত (সংযুক্ত) ঘোষণা করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি।
মুসলমানদের কাছে আল-আকসা প্রাঙ্গণ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এখানে আল-আকসা মসজিদ ও কুব্বাত আস-সাখরা (ডোম অব দ্য রক) অবস্থিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজের রাতে এখান থেকেই আসমানে আরোহণ করেছিলেন।
অন্যদিকে, ইহুদিদের কাছে একই স্থানটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং এটি তাদের সবচেয়ে পবিত্র স্থান। তাদের বিশ্বাস, এই স্থানেই প্রাচীন জেরুজালেমের মন্দির (টেম্পল) অবস্থিত ছিল।
/এএসএফ