• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম


গোপনে ইরান সংঘাতে হতাহত মার্কিন সেনার সংখ্যা কমিয়ে ফেলল পেন্টাগন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১১:২৫ এএম

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬২৪ জন মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

২৫ জুলাই প্রকাশিত পেন্টাগনের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৪১৭ জন অপারেশন এপিক ফিউরি এবং ২০৭ জন ওভারসিজ অপারেশনস-এ নিয়োজিত ছিলেন। এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও এবং জুনে একটি সমঝোতা স্মারকে সই করলেও উভয় পক্ষের মধ্যে হামলা অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে পেন্টাগন যুদ্ধের হতাহতের সংখ্যা সংশোধন করে। সংশোধিত তথ্যে অপারেশন এপিক ফিউরিতে নিহত চার সেনার নাম সরিয়ে ওভারসিজ অপারেশনস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

পেন্টাগনের পূর্ববর্তী হিসাব অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত অপারেশন এপিক ফিউরিতে ১৮ জন নিহত এবং ৪৮২ জন আহত ছিলেন। তবে পরবর্তীতে নিহতের সংখ্যা কমিয়ে ১৪ দেখানো হয় এবং চারজন নিহত সেনার নাম নতুন তালিকায় স্থানান্তর করা হয়।

নতুন তালিকায় ২০২৬ সালের ৭ জুলাই থেকে সংঘটিত হতাহতের হিসাব রাখা হচ্ছে। বর্তমানে সেখানে ওই চারজন নিহত সেনার নাম রয়েছে।

কোনো ব্যাখ্যা ছাড়াই হতাহতের হিসাব পরিবর্তন করায় তথ্যের স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস বলেন, বর্তমান প্রশাসন পুরো যুদ্ধ এবং হতাহতের প্রকৃত চিত্র প্রকাশে স্বচ্ছতা দেখাতে পারছে না।

রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি যুদ্ধকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উপস্থাপনের ঘটনাকে ‘হাস্যকর চাল’ বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তথ্যের এই পরিবর্তন একটি ‘সাময়িক কারিগরি সমস্যার’ ফল এবং তা সংশোধনের কাজ চলছে।

গত ২১ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরান সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, পরে পেন্টাগনের ওয়েবসাইটে ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়। সেখানে সম্প্রতি নিহত চার সেনা এবং আহত ২০৭ জনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই ২০৭ জন সবাই ইরান সংঘাতে আহত হয়েছেন কি না, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে নিহত চার সেনার তথ্য আলাদাভাবে উপস্থাপন করতেই এই পরিবর্তন আনা হয়ে থাকতে পারে। ট্রাম্প ঘোষিত শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর এবং যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর ওই চার সেনা নিহত হন। তাদের মধ্যে ১৭ জুলাই জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং ইরাকে একজন নিহত হন। জুলাইয়ের মাঝামাঝি থেকে টানা ১৩ রাত দুই পক্ষের মধ্যে হামলা চললেও গত শুক্রবার থেকে তা বন্ধ রয়েছে।

সূত্র: বিবিসি

/এএসএফ