• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম


আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে মঙ্গলবার ফের আন্দোলনের ডাক ককরোচদের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৭:৫৪ এএম

দেশজুড়ে কয়েক সপ্তাহের আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি সরকার ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, সরকারের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়ন না হলে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে নতুন করে আন্দোলন শুরু করা হতে পারে।

অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুরু হয়েছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল সংগঠনটি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি মানা হচ্ছে না। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীরা নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন। আন্দোলনকারীদের সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটকের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের পক্ষে আলোচনায় অংশ নেওয়া জে পি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের কাছে সিজেপি দাবি জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশকে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় তারা আবারও আন্দোলনে নামবেন বলে সতর্ক করেছে সংগঠনটি।

এ ছাড়া বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে একটি লিখিত চুক্তি আগামীকালের মধ্যে হস্তান্তরের দাবিও জানিয়েছে সিজেপি।

এর আগে শনিবার কনস্টিটিউশন ক্লাবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজেপি জানায়, নিট পরীক্ষার জালিয়াতির কারণে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে।

সংগঠনটি সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি উপস্থাপন করেছে। চার সপ্তাহ পর উভয় পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএসএফ