• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম


রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মির্জা ফখরুল

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৪:৫১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক না হলেও এ বছরই তা অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি হওয়ার কোনো আগ্রহ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তার কখনোই এ ধরনের আকাঙ্ক্ষা ছিল না। তিনি জানান, জীবনে যে অবস্থানে এসেছেন, তা ব্যক্তিগত ইচ্ছার চেয়ে পরিস্থিতির কারণেই হয়েছে।

আসন্ন কাউন্সিলের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততায় তিনি ক্লান্ত এবং বয়স ও শারীরিক অবস্থার কারণেও এখন অবসর নিতে চান।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় এক দশক আগে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক নির্বাচনের পর বিষয়টি আবার গুরুত্ব পেয়েছে এবং স্থায়ী কমিটির বৈঠকেও তা নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের ৩০ মার্চ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সাল থেকে পাঁচ বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনার সময় তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন।

পেশাগত জীবনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে সরকারি দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন। নব্বইয়ের দশকে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।