লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক রুটে অবাধ ও বৈধ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনসিএলওএস)সহ আন্তর্জাতিক আইনের আলোকে লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক রুটে নিরবচ্ছিন্ন ও বৈধ নেভিগেশনকে বাংলাদেশ সমর্থন করে।
এতে আরও বলা হয়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরে যেকোনো ধরনের অবরোধ বৈশ্বিক অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য মারাত্মক অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে। তাই সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং কূটনৈতিক পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততাই যেকোনো দ্বন্দ্বের টেকসই ও কার্যকর সমাধানের একমাত্র পথ।
/বিএসএস