ভারতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও আন্দোলন ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও সরব হয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি কেন্দ্রের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।মঙ্গলবার (স্থানীয় সময়) ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে বিরোধী দলগুলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে।
রাজধানী দিল্লিতে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ এবং একাধিক বিরোধী নেতাকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্র সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ দলের একাধিক শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। তবে রাতেই তাদের মুক্তি দেওয়া হয়।মুক্তির আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষে পূর্ণাঙ্গ আলোচনা।শিক্ষাব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্রুত সংস্কার।রাহুল গান্ধী আরও জানান, বিরোধী জোটের সব দল বুধবার লোকসভা ও রাজ্যসভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি জানাবে।
/বিএসএস