কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় নেতাকর্মী ও জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। একই কমিটিতে জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত কমিটিতে ১৮ নম্বর সদস্য হিসেবে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত আফাজ উদ্দিনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। এরপরও প্রায় পাঁচ মাস পর প্রকাশিত নতুন কমিটিতে তার নাম রাখা হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি কমিটিতে অন্যান্য বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
/এএসএফ