স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন কি না— এ প্রশ্ন নিয়ে সমাজে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তবে একজন মুসলিমের জন্য এ বিষয়ে শরিয়তের বিধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।শরিয়া বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি শরিয়ত অনুযায়ী বাধ্যতামূলক নয়।
অর্থাৎ, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পন্ন হলেও তা বৈধ হবে। তবে প্রথম স্ত্রীর সম্মতি ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাকে উত্তম বলে উল্লেখ করেছেন তারা। কারণ, স্ত্রীর প্রতি সদাচরণ এবং তাকে সন্তুষ্ট রাখাও স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এ বিষয়ে একাধিক হাদিসে স্ত্রীর আত্মতুষ্টি ও তার সঙ্গে উত্তম আচরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।তবে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিলেও এর সঙ্গে কঠোরভাবে ন্যায়বিচার ও হক আদায়ের শর্ত আরোপ করেছে। যদি কোনো ব্যক্তি আশঙ্কা করেন যে তিনি একাধিক স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখতে পারবেন না বা তাদের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করতে ব্যর্থ হবেন, তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়।এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “…তাহলে নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দমতো দুজন, তিনজন অথবা চারজনকে বিয়ে করো।
তবে যদি তোমরা আশঙ্কা করো যে, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে একজনেই (সন্তুষ্ট) থাকো। এটাই হবে অবিচার না করার কাছাকাছি।” (সুরা নিসা, আয়াত: ৩)এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-ও কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, “যার দুজন স্ত্রী রয়েছে, সে যদি তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ে (পক্ষপাতিত্ব করে), কেয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যে তার শরীরের একপাশ অবশ বা পক্ষাঘাতগ্রস্ত থাকবে।” (সুনানে আবু দাউদ, হাদিস: ২১৩৩; জামে তিরমিজি, হাদিস: ১১৪১)
/বিএসএস