• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম


বিশ্বকাপ না জিতেও বীরের সম্মান, দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১০:৫৫ এএম

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আলবিসেলেস্তেদের বহনকারী চার্টার্ড বিমানটি বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর এবং হাজারো সমর্থকের ভালোবাসায় বরণ করে নেওয়া হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।বিমান থেকে একে একে নামেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে অধিনায়ক লিওনেল মেসি দেশে ফেরেননি। তিনি এবং আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় এই বহরে ছিলেন না।দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে এএফএ।

খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিমানবন্দরে বিছিয়ে দেওয়া হয় লাল গালিচা। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে জড়ো হন। প্রিয় দলকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।বিশ্বকাপ জিততে না পারায় এবার কোনো বিজয় উৎসবের আয়োজন করা হয়নি। তবুও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা হাত নেড়ে, স্লোগান দিয়ে এবং করতালির মাধ্যমে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে এএফএ জানায়, পুরো বিশ্বকাপজুড়ে দর্শকদের সমর্থন ছিল অসাধারণ এবং যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য তারা সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানায়।

/বিএসএস