• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম


ঢাবি ছাত্রলীগমুক্ত হওয়ার দিনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল: ডাকসু ভিপি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের বিদায়ের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের পথ নিশ্চিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তার ভাষ্য, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন ছাত্রলীগমুক্ত হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়েছিল বাংলাদেশে আর ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হবে না এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত।’

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘জুলাইয়ে সঞ্চারিত সাহস: গণরুম-গেস্টরুম পেরিয়ে নির্যাতনমুক্ত ক্যাম্পাস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর গণরুম বা গেস্টরুম সংস্কৃতি নেই। তিনি দাবি করেন, পেশিশক্তিনির্ভর রাজনীতি এবং শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার চর্চাও পুরোপুরি বন্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ডাকসুর দায়িত্ব গ্রহণের পর থেকে ক্যাম্পাসে সহিংসতার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধানে কাজ চলছে বলেও তিনি দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে আবু সাদিক বলেন, ১৭ জুলাইয়ের সন্ত্রাসবিরোধী দিবস থেকে শিক্ষা নিতে হবে। তার ভাষ্য, ভবিষ্যতে যদি কোনো সংগঠনকে ছাত্রলীগের মতো গণরুম-গেস্টরুম সংস্কৃতি গড়ে তোলার সুযোগ দেওয়া হয়, তাহলে প্রশাসনকে এর কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

তিনি বলেন, আবদুল কাদেরের সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। শেখ হাসিনার পতনের পক্ষে নাকি বিপক্ষে—এ বিষয়ে হাসনাত ও সারজিস স্পষ্ট বক্তব্য না দিলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে আবদুল কাদের অভিযোগ করেছিলেন, ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়ার পর আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম আপত্তি তুলেছিলেন।

সভায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কাজী আশিকও বক্তব্য দেন। তিনি গত ১৬ বছরে ‘একমুখী বয়ান’ তৈরির সমালোচনা করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং আবাসন সংকট নিরসনের দাবিও জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের ভিপি, জিএস ও এজিএসরা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

/এসএন