• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম


নাতনির ম/রদেহ আনতে গিয়ে সড়ক দু র্ঘটনায় প্রা/ণ গেল নানিসহ দুইজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ২:৪৪ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা উপজেলার সড়াডাঙি এলাকায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন। তবে অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কেয়া নামে এক শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তার স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন এবং মৃত শিশু কেয়ার নানি বুলু খাতুন নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আরও চারজন আহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএন