• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম


‘জনগণ চাইলে মেয়র নির্বাচনে আসব’—ডাকসু ভিপি সাদিক কায়েম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৯:১৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা ও আহ্বান থাকলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপ’-এ অংশ নিয়ে এ কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, ‘মেয়র পদে নির্বাচন করব কি না, সেটা জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিই। যদি জনগণ বলে এবং তাদের পক্ষ থেকে প্রত্যাশা আসে যে নির্বাচন করা দরকার, তখন সে ভিত্তিতেই সিদ্ধান্ত নেব। জনগণের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হচ্ছে। দেখা যাক, আরেকটু সময় যাক।’

তিনি আরও বলেন, ‘জনগণ যখন আমাকে চাইবে, তখন জনগণের ক্ষমতার চেয়ে শক্তিশালী ক্ষমতা আর কিছু হতে পারে না। জনগণ যখন চাইবে, তখন অবশ্যই জনগণের উইলে বিজয়ী হব, ইনশাআল্লাহ। প্রার্থী হওয়াটা জনগণের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।’

সাদিক কায়েমের রাজনৈতিক জীবনের সূচনা হয় ২০১৩ সালে ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে চট্টগ্রামে অবস্থানকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।

পরবর্তীতে ২০২৫-২০২৬ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ওই দায়িত্ব থেকে বিদায় নেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন সাদিক কায়েম। তিনি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কাজ করা প্ল্যাটফর্ম ‘স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (সেইভ)’-এর পরামর্শদাতা, ‘বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ’-এর সাধারণ সম্পাদক এবং ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ‘হিল সোসাইটি’ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন।

শিক্ষাজীবনে তিনি ২০১৪ সালে খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৬ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এএসএফ