• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম


সেনবাগে বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:৩০ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার মধ্য কাদরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়। জব্দ করা এসব তেল বুধবার স্থানীয় বাজারে বিক্রির কথা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তেলের মধ্যে প্রায় চার হাজার লিটার ডিজেল এবং দেড় হাজার লিটার অকটেন রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে সেনবাগ থানার পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, বাড়ির ভেতরে বড় বড় ড্রাম ও প্লাস্টিকের পাত্রে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় ইশতিয়াক ভূঁইয়া নামের ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।