• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম


জলাবদ্ধতা পেরিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, তবু অনুপস্থিত প্রায় ২০ হাজার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৯:০২ এএম

টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ার মধ্যেই দেশের ৫৯টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে পরীক্ষার্থীদের উপস্থিতিতেও। সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। কোথাও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এই প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এদিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৬ হাজার ১৪৩ জনের। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৫০ জন। ফলে এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী।

ষষ্ঠ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন ১৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ চারজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া ঢাকা বোর্ডে দুইজন এবং দিনাজপুর, বরিশালসহ অন্যান্য বোর্ডে আরও কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডে এদিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

/এসএন