• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম


সরকারি হলো নৌকা চালিয়ে স্কুল টিকিয়ে রাখা সেই প্রধান শিক্ষকের বিদ্যালয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:১২ এএম

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ জুলাই ২০২৬ থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি হিসেবে কার্যকর হবে। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে গত ২৮ জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছিল।

এই সংকট মোকাবিলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনগুলোতে থানচি–তিন্দু–রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করতেন। সেই আয় থেকে শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি বড় অংশ পরিশোধ করতেন তিনি।

সম্প্রতি দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়টি টিকিয়ে রাখতে প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের এই ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তার এই মানবিক ও অনন্য উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়।

পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় অবশেষে সরকারি ঘোষণা পেল তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়।

/এএসএফ