• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম


আবারও কমলো স্বর্ণের দাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ৩:৫০ পিএম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দর নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নতুন এই মূল্য ঘোষণা করা হলেও মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে বাজারে ওই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে বেশি কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এই নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকারি নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা কোষাগারে জমা দিতে হবে।