• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৬০ হাজার টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তি

আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ১০:৪০ পিএম

দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি ফেরাতে চট্টগ্রাম বন্দর-এ ৬০ হাজার টন ডিজেলবাহী দুটি জাহাজ পৌঁছেছে। মঙ্গলবার রাতে জাহাজ দুটি বন্দরের আউটার অ্যাঙ্করেজে নোঙর করে।

বন্দর সূত্রে জানা গেছে, ‘টর্ম দামিনী’ ও ‘লুসিয়া সোলিস’ নামের ট্যাংকার দুটি ১৮ এপ্রিলের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। প্রতিটি জাহাজ থেকে ডিজেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও উৎপাদন হ্রাসের কারণে বাজারে যে চাপ তৈরি হয়েছিল, এই চালান তা কিছুটা লাঘব করবে।

বাংলাদেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানির চাহিদা রয়েছে, যার মধ্যে মাসিক চাহিদা গড়ে ৫ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ টনের মধ্যে। এর বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়, বিশেষ করে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি।

বিপিসির মহাব্যবস্থাপক (অপারেশনস) মুহাম্মদ মোরশেদ হোসেন আজাদ জানান, ১৮ এপ্রিলের মধ্যে আরও দুটি জাহাজে করে অতিরিক্ত ৬০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই এবং চলমান চালানগুলো দিয়েই বর্তমান চাহিদা পূরণ সম্ভব হবে।

সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ১৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রায় ১ লাখ ৯৮ হাজার টন ডিজেল ছাড়াও প্রায় ৫০ হাজার টন জেট ফুয়েল ও ফার্নেস অয়েল দেশে আসবে। এছাড়া মে মাসে সাড়ে ৩ লাখ টন ডিজেলসহ উল্লেখযোগ্য পরিমাণ জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস অয়েল আমদানির পরিকল্পনা রয়েছে।

জুন মাসেও জ্বালানি আমদানি অব্যাহত থাকবে, যেখানে প্রায় ২ লাখ ৭০ হাজার টন ডিজেলসহ অন্যান্য জ্বালানি দেশে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।