• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম


জ্বালানি তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ৩:৪৫ পিএম

অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)-এর পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে শোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শেষবারের মতো কারখানায় পরিশোধন কাজ চালানো হয় বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

ইআরএল সূত্রে জানা গেছে, সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালী-এর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং বিভিন্ন ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে কিছুদিন পরিশোধন কার্যক্রম চালানো হয়েছিল।

সাধারণত প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়।

এদিকে, গত ৪ মার্চ পর্যন্ত ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসায় শেষ পর্যন্ত শোধনাগারের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।