কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রাণীটি।
এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছিল বন্য হাতিটি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে আহত হওয়া মা হাতিটির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসা চলাকালীন রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত হাতিটির বিষয়টি উচ্চপর্যায়ে নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী বন বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দেশনা পাওয়ার পর বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করলেও শেষ পর্যন্ত বন্য মা হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।
/এসএন