• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম


‘ফিলিস্তিনিদের কষ্ট যে অনুভব করে না, সে মানুষই নয়’—মিসর কোচ হোসাম হাসান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ১১:২০ এএম

চলতি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি গাজা উপত্যকার মানবিক সংকট নিয়েও আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন।

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনের মানুষের প্রতি উৎসর্গ করেছিলেন হোসাম হাসান। ম্যাচ শেষে মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিসর কোচ বলেন, এটি ছিল একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। তার ভাষায়, বিশ্বের যেকোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে মানুষ প্রতিবাদ জানায়। অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন অনেকের কাছে স্বাভাবিক হয়ে গেছে।

তিনি বলেন, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

হোসাম হাসান আরও বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো—ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।’

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে এবং অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হোসাম হাসান। তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না। আমরা জানি, আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

তিনি আরও বলেন, ‘মিসর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে।’

আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে মিসর।

সূত্র: আলজাজিরা

/এএসএফ