• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


নেতানিয়াহুর ফোনকল বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা- আরাগচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:৪৭ পিএম

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন আসে—এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ওই ফোনকলের পর পুরো আলোচনার পরিবেশ বদলে যায়। তার দাবি অনুযায়ী, এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার ফোকাস সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে চলে যায়।

আরাগচি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে “আলোচনা ব্যর্থ হয়েছে” বলে ঘোষণা দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স।

পরদিন রোববার ভ্যান্স ইসলামাবাদ ছাড়ার কয়েক ঘণ্টা পর আরাগচি এই অভিযোগ তুলে পোস্ট দেন।

আরাগচি আরও বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সব সময় প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

তবে নেতানিয়াহুর ফোনকলের বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

এদিকে ইসলামাবাদের এই ব্যর্থ আলোচনা চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।