• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম


পারস্য উপসাগরে বিধ্বস্ত মার্কিন নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন

আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ১০:২৮ পিএম

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক ও উচ্চমূল্যের নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ‘এমকিউ-৪সি ট্রাইটন’ মডেলের ড্রোনটি গত ৯ এপ্রিল দুর্ঘটনার শিকার হয় বলে মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে উড্ডয়ন করে পারস্য উপসাগরের আকাশে প্রবেশের পর নিখোঁজ হয়ে যায়। হরমুজ প্রণালির ওপর দিয়ে উড্ডয়নের সময় এটি হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ৯ হাজার ফুটে চলে আসে এবং এক পর্যায়ে এর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ডাটায় দেখা যায়, উড্ডয়নের সময় ড্রোনটি ‘৭৪০০’ সংকেত পাঠাচ্ছিল, যা গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দেয়। এর প্রায় ৭০ মিনিট পর ‘৭৭০০’ সংকেত পাঠানো হয়, যা জরুরি পরিস্থিতির নির্দেশক। সর্বশেষ ৯ হাজার ২৫০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায়।

মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।