• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ এএম


ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৮:০৪ এএম

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’, এক সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

দেশে কয়েক ঘণ্টার মধ্যেই প্রবেশ করতে পারে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয়, যার নাম দেওয়া হয়েছে ‘ধারা’। রোববার (৫ জুলাই) থেকে শুরু হয়ে আগামী এক সপ্তাহ, এমনকি ১৩ জুলাই পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।

শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ৫ জুলাইয়ের মধ্যে নতুন এই বৃষ্টি বলয় দেশে প্রবেশ করতে পারে এবং পর্যায়ক্রমে ১৩ জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বলয় ‘ধারা’ সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে মাঝারি মাত্রার প্রভাব পড়তে পারে। অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

তবে ‘ধারা’ কতটা শক্তিশালী হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি। তারা জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পূর্বাভাস শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ১৩ থেকে ১৭ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’। এর প্রভাবে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তর-পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছিল।

পরে ২৫ এপ্রিল দেশে আঘাত হানে দ্বিতীয় বৃষ্টি বলয় ‘ঝুমুল’। এর প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়। ওই দুটি বৃষ্টি বলয়ের পূর্বাভাসও দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

/এএসএফ