জুলাই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
এ ছাড়া এই সময়ের মধ্যে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
/এএসএফ