• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম


“খামেনির রক্তের বদলা আমরা নিব”-কফিন ছুঁয়ে শপথ ইরানি কমান্ডারদের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ৯:৫০ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে এবং এই হামলার মূল্য সংশ্লিষ্টদের দিতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি এক আকস্মিক বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সংকট আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।

রাজধানী তেহরানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সেনাপ্রধান বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় সংকল্প নিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘ইরানি জাতির প্রধান শত্রু আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে—শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হামলার চড়া মূল্য তাদের দিতে হবে।’

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক প্রধানের এই বক্তব্য শুধু শোক বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়; বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপেরও ইঙ্গিত বহন করছে।

খামেনি হত্যাকাণ্ডের পর ইরানজুড়ে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা দিয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ধারাবাহিকভাবে বলে আসছে, এই হত্যার জবাব দেওয়া হবে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ