• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম


শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেল ৯ শিক্ষার্থী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ৮:৫১ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন নাটোরের ৮ জন এবং বগুড়ার ১ জনসহ মোট ৯ পরীক্ষার্থী। ফরম পূরণের টাকা আত্মসাৎ এবং কারিগরি ত্রুটির কারণে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা এসব শিক্ষার্থী আগামীকাল শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আটজন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের জন্য টাকা জমা দিলেও কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার সেই অর্থ শিক্ষা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ফলে তাদের প্রবেশপত্র ইস্যু হয়নি এবং তারা প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে বঞ্চিত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে শুক্রবার বিশেষ ব্যবস্থায় রাজশাহী শিক্ষা বোর্ড ওই আট শিক্ষার্থীর ফরম পূরণ ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে। ফলে তারা আগামীকাল শনিবার থেকে নিয়মিতভাবে বাকি সব পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান শিক্ষামন্ত্রী।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার নির্দেশনার পর পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, বগুড়ার সারিয়াকান্দির এক শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দিলেও কলেজ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি। অভিযোগ পাওয়ার পর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে ওই শিক্ষার্থীর ফরম পূরণের প্রক্রিয়াও শুক্রবার সম্পন্ন হয়েছে। ফলে তিনিও আগামীকাল থেকে নিয়মিতভাবে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

/এএসএফ