শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে নানার কর্মস্থল বিদ্যালয়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা। তিনি মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে গেলে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
/এসএন