• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ এএম


বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্সের প্রস্তাব বিএনপি এমপির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৯:০৩ পিএম

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে কর (ট্যাক্স) আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যাপক অপচয় হচ্ছে। এসব অনুষ্ঠানে সাজসজ্জা, নাচ-গান ও অন্যান্য আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। এমনকি গায়ে হলুদের নৃত্য পরিবেশনের জন্য এক মাস পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার ঘটনাও দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, অথচ পরিবেশিত খাবারের বড় একটি অংশ অপচয় হয়। এই অপচয় বন্ধ করা প্রয়োজন।

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, অতীতে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে কর আরোপের বিধান ছিল। সেই নীতির আদলে আবারও ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা উচিত।

তার দাবি, বিয়ে-শাদিতে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে। তিনি বলেন, “বিশ্বাস করুন, যদি বিয়ে-শাদিতে এ ধরনের অপচয় বন্ধ করা যায়, তাহলে একদিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।”

/এএসএফ