• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:২০ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নের ২২টি হাট-বাজারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডার ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে ভোক্তা পর্যায়ে এর দাম দাঁড়াচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম ১২ কেজির সিলিন্ডারের জন্য ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৩৮৭ টাকা।

তবে বাস্তবে বাজারে এই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ভোক্তা ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃত্রিম সংকটের অজুহাতে প্রতিটি সিলিন্ডারে সর্বোচ্চ ৮১৩ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে উপজেলার ১০ মাইল বাজারে এক খুচরা বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। তিনি প্রতি সিলিন্ডারে প্রায় ৫০ টাকা লাভ রেখে বিক্রি করছেন বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, আগে ডিলাররা ১০-১২টি করে সিলিন্ডার দিতেন, এখন দিচ্ছেন ৩ থেকে ৪টি। তাও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে। এতে খুচরা বিক্রেতারাও বিপাকে পড়ছেন।

ক্রেতা আমিনুল ইসলাম অভিযোগ করেন, ক্রেতাদের জিম্মি করে ব্যবসায়ীরা অবৈধভাবে অতিরিক্ত দাম নিচ্ছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বলেন, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কেউ নির্ধারিত দামের বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।