• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


৪০ দিনেও মেলেনি ভিজিএফ চাল, লালমোহনে জেলেদের বিক্ষোভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ এপ্রিল ২০২৬ ৯:০৪ এএম

ভোলার লালমোহন উপজেলায় বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছঘাটের বেড়িবাঁধে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় শতাধিক জেলে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মাছঘাটের ব্যবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমান, ইউসুফ মাঝি, আইয়ুব মাঝি, কাঞ্চন মাঝি ও মনির মাঝিসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা প্রকৃত জেলে হয়েও সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময় নদীতে মাছ ধরা থেকে বিরত রয়েছেন। কিন্তু অবরোধের ৪০ দিন পার হলেও এখনো প্রথম কিস্তির ভিজিএফ চাল পাননি। এতে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে।

তারা আরও জানান, ঈদুল ফিতরের আগে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। এ জন্য ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গড়িমসিকেই দায়ী করছেন তারা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, জেলেদের তালিকা নিয়ে জটিলতার কারণে চাল বিতরণে বিলম্ব হচ্ছে। নির্ধারিত তালিকা পাওয়া গেলে যাচাই-বাছাই করে দ্রুত চাল বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের আগেই চাল বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান কেন বিলম্ব করছেন, তা জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, জেলেদের তালিকা প্রস্তুতে দেরি হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, আগামী রোববারের মধ্যে জেলেদের কার্ড যাচাই করে চাল বিতরণ করা হবে।