ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি আবারও তার আগের একটি বিতর্কিত বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে যুক্তরাষ্ট্রেরও কোনো অস্তিত্ব থাকত না।
সোমবার (২২ জুন) পশ্চিম জেরুজালেমে ইহুদি সংবাদ সংস্থা জুইশ টেলিগ্রাফিক এজেন্সির আয়োজিত একটি বিশেষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে মাইক হাকাবি তার ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, পশ্চিমা সভ্যতা মূলত ইহুদি এবং জুডিও-খ্রিস্টান মূল্যবোধ ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে।
দুই দেশের সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “ইসরায়েল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না।” নিজের বক্তব্যকে আরও জোরালোভাবে তুলে ধরে তিনি যোগ করেন, “সেটি ছাড়া কোনো মার্কিন যুক্তরাষ্ট্র থাকত না। বিষয়টি একেবারেই সহজ ও পরিষ্কার।”
সম্মেলনে বক্তব্যের সময় ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়ে দেখা দেওয়া মতপার্থক্যের কথাও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।
তবে তিনি বলেন, এসব সাময়িক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক সবসময় স্থায়ী এবং দৃঢ় থাকবে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে তিনি একটি “অভেদ্য বন্ধন” হিসেবে আখ্যায়িত করেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।
/এসএন