কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২২ জুন) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
বিভিন্ন বিভাগে দলটির নেতাকর্মীরা মিছিল-মিটিংয়ের মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে বলেও সরকারের নজরে এসেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”
সেনাসদস্য মোতায়েনের বিষয়ে তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা এড়াতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, “যাতে যেকোনো রকমের অপতৎপরতা দ্রুত মোকাবিলা করা যায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার এবং সরকার নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই এখন!”
/বিএসএস