• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম


কাতারের রাসলাফফান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১০:৫০ এএম

কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানে টেকনিক্যাল ত্রুটিজনিত এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের বিকট শব্দে অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেন।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোহাসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। গালফ নিউজ ও সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে বিশেষ বাহিনীর সদস্যরা জোরালো অভিযান চালাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

ঘটনার কিছুক্ষণ পর কাতার পুলিশও বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে। তবে হতাহতদের পরিচয় এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বিস্ফোরণের ঘটনায় কাতারজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া

/এএসএফ