আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে আজ ১০ মে।‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের জীবনে মা শুধু একজন অভিভাবক নন, তিনি প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় এবং সবচেয়ে নিরাপদ জায়গা।মা দিবসের আধুনিক ধারণার সূচনা যুক্তরাষ্ট্রে।
১৯০৮ সালে আন্না জার্ভিস প্রথমবারের মতো তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বিশেষভাবে দিনটি পালন করেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপিত হয়ে আসছে।বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে মা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক আয়োজন করা হয়।
কেউ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেউ উপহার দেন, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করেন।তবে মনীষীরা মনে করেন, শুধু একটি দিন নয়—প্রতিদিনের আচরণে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রকাশই হওয়া উচিত সবচেয়ে বড় উদযাপন। কারণ সন্তানের জীবনে মায়ের অবদান অনন্য ও অতুলনীয়।