• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম


চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, নৌবন্দরে ২ নম্বর সংকেত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৩:০৮ পিএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট চার অঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ঝড়ের সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশ ও গুমোট গরম বিরাজ করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।