• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম


আর্জেন্টিনা হারের শোক সইতে না পেরে হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৯:৩০ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের ধাক্কা সইতে না পেরে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)।

সরকারি তথ্য অনুযায়ী, মৃত দুই ব্যক্তির বয়স ছিল যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর।স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। তাকে সিপিআর দিয়ে দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।এদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।শুধু হৃদরোগের ঘটনাই নয়, ফাইনালের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে হতাশা থেকে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।

লাভালে ও নাইন দে জুলিও অ্যাভিনিউয়ের মোড়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট (প্রায় ৪ মিটার) উঁচু থেকে পড়ে যান। এতে তার বাঁ পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে যায় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবের জানিয়েছে, আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া নিজেদের মধ্যে সংঘর্ষ, মারামারি এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজনের নাক-মুখ ফেটে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাতের খবর পাওয়া গেছে।

/বিএসএস