• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ এএম


পিএইচডি করতে গিয়ে মর্মা’ন্তিক মৃ’ত্যু, ঢাকায় পৌঁছাল লিমনের ম’র’দেহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি দেশে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির সদস্যরা অংশ নেন।

লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময় নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, মরদেহে কোনো পোশাক ছিল না এবং এতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, ২৬ এপ্রিল, ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি কায়াক চালানোর সময় একটি কালো পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি ওই এলাকা থেকে পুলিশ পলিথিনের ভেতর খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করে। প্রথমে তা শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিলসবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত অংশ নাহিদা সুলতানা বৃষ্টির।

/এসএন