দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২ মে) মধ্যরাতে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামে। তিনি ওই এলাকার নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসিবের বন্ধু মাহমুদুল হাসান জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য তিনি দক্ষিণ কোরিয়ায় যান। বিদেশে যাওয়ার মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও পরিচিতজনরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।