আরনিমা হায়াত
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াত হত্যা মামলায় তাঁর স্বামী মিরাজ জাফরকে ২১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিডনির সুপ্রিম কোর্ট এ রায় ঘোষণা করেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা স্ত্রী আরনিমা হায়াতকে হত্যা করে তাঁর মরদেহ অ্যাসিডভর্তি বাথটাবে ফেলে রেখে যান মিরাজ জাফর। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতি ডেবোরাহ সুইনি এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মিরাজ জাফরকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। সাজা ঘোষণার পর তাকে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আরনিমার বাবা-মা। রায় ঘোষণার সময় তারা কান্নায় ভেঙে পড়েন। নিহতের বাবা আবু হায়াত আদালতে বলেন, “তুমি আমার মেয়েকে হত্যা করেছ, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছ, পুরো পরিবারকে তছনছ করে দিয়েছ।”
আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। মামলার শুনানিতে প্রসিকিউশন পক্ষ জানায়, পারিবারিক বিরোধের জেরে আরনিমাকে হত্যা করা হয়।
মাত্র ১৯ বছর বয়সী আরনিমা হায়াতের মৃত্যু সে সময় অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।