• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম


নিখোঁজ নাহিদার খোঁজ মেলেনি, সহপাঠীর খণ্ডিত মরদেহ উদ্ধার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সী এই শিক্ষার্থী। তার অবস্থান বা জীবিত থাকার বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নাহিদাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে স্থানীয় কমিউনিটির সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যে হিশাম সালেহ আবুগারবিয়েহ নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। নাহিদার নিখোঁজ হওয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তার ফোনসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটি আরও জটিল আকার নেয়, যখন তার সহপাঠী আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন-এর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে টাম্পার লেক ফরেস্ট আবাসিক এলাকার একটি সেতু থেকে তার দেহের অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ।

জামিল লিমন একই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে নিখোঁজ হওয়ায় নাহিদার ঘটনাটির সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লেক ফরেস্ট এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে এবং ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

এদিকে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মধ্যে চরম উদ্বেগ ও শোক বিরাজ করছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাহিদা বৃষ্টির সন্ধানে সব ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।