• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ এএম


অস্ট্রেলিয়ায় একসঙ্গে কোরআনের হাফেজ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ভাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৭:৫৩ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন সহোদর। প্রবাসের মাটিতে জন্ম ও বেড়ে ওঠার পরও কোরআন হিফজ সম্পন্ন করে তাঁরা পরিবার ও কমিউনিটির জন্য বিশেষ গৌরব বয়ে এনেছেন।সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ‘দারুল নাসিহাহ অস্ট্রেলিয়া’ নামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁরা পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। পশ্চিমা পরিবেশে বেড়ে ওঠার পরও তাঁদের এই অর্জন প্রবাসী বাংলাদেশি পরিবার ও মুসলিম কমিউনিটির কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।গত ১৭ অক্টোবর, শনিবার মাগরিবের নামাজের পর দারুল নাসিহাহ অস্ট্রেলিয়ার উদ্যোগে হিফজ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোরআনের হাফেজ হওয়া তিন ভাইয়ের পাশাপাশি ইব্রাহিম খান নামের আরেক নবীন হাফেজকেও বিশেষ সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক এবং মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রবাসে বসবাস করেও পবিত্র কোরআন মুখস্থ করার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অর্জন নিঃসন্দেহে পরিবার ও কমিউনিটির জন্য আনন্দের বিষয়। সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সহোদরের একসঙ্গে হাফেজ হওয়ার ঘটনা প্রবাসী মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ চর্চার গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।

/বিএসএস