• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম


শিবির কি রগকাটা?”—প্রশ্ন তুললেন মিয়া গোলাম পরওয়ার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ৯:৪৪ পিএম

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে যে “রগকাটা” বা “গুপ্ত সংগঠন” হিসেবে প্রচার করা হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। তিনি প্রশ্ন রেখে বলেন, “শিবির কি রগকাটা? শিবির কি গুপ্ত? এমন কোনো প্রমাণ নেই যে শিবির কখনো এ ধরনের রাজনীতি করেছে।”

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে আয়োজিত এক ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতারা অংশ নেন।

তিনি অভিযোগ করে বলেন, শিবির ও তাদের রাজনৈতিক ধারার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ফটোকার্ড বা বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্যও তিনি সতর্ক করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় দেশে সক্রিয় ছিল না, তাদের নিয়েও প্রশ্ন উঠতে পারে—তারা কি “গুপ্ত” ছিল কিনা। একইভাবে বিশ্ববিদ্যালয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোর অতীত ভূমিকা নিয়েও এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন অভিযোগ ও নেতিবাচক তকমা সত্ত্বেও দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে, যা এসব অভিযোগকে “ভিত্তিহীন” প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্কর। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ সম্মেলনে জেলার ছয়টি উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও নেতারা অংশগ্রহণ করেন।